চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ করিম (৩৬) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত করিম উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শফীর ছেলে।
হত্যাকাণ্ডের সাড়ে পাঁচ ঘণ্টা পর মো. রায়হান আলম নামে এক যুবক ফেসবুকে পিস্তল হাতে ফাঁকা গুলি ছোড়ার একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটি প্রকাশের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
পুলিশের দাবি, রায়হান বিদেশে পলাতক 'সন্ত্রাসী' সাজ্জাদ হোসেনের অনুসারী এবং তার অস্ত্র ভাণ্ডারের দেখভাল করেন। সম্প্রতি রায়হানকে গ্রেপ্তারের জন্য নোয়াখালীতে অভিযান চালানো হলেও তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, করিমকে লক্ষ্য করে সরাসরি গুলি করা হয়। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা পালিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকে। স্থানীয়রা দাবি করছেন, করিম মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং হত্যাকাণ্ডটি মাদক কারবারের বিরোধের কারণে ঘটতে পারে।
পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।






















