কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে মিষ্টি খাওয়ার টাকা দাবি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের গাবতলী বাজারে এ সংঘর্ষে বর ও তার বাবাসহ অন্তত ৪৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরযাত্রীবাহী একটি গাড়ি কনের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। গাবতলী বাজারে পৌঁছালে ধীতপুর বড়বাড়ি এলাকার কয়েকজন যুবক গাড়িটির গতিবিধি রোধ করে। বরপক্ষের অভিযোগ, তারা গাড়ি আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে।
ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে বর মো. হানিফ এবং তার বাবা হবি মিয়াসহ উভয় পক্ষের অন্তত ৪৬ জন আহত হন। স্থানীয়রা আহতদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় উভয় পক্ষই একে অপরকে দায়ী করে ভিন্ন বক্তব্য দিয়েছে। ধীতপুর বড়বাড়ি এলাকার মোহাম্মদ কাজল দাবি করেন, তারা জামাই নিয়ে যাচ্ছিলেন এবং যানজটের কারণে সংঘর্ষের সূত্রপাত হয়। অন্যদিকে বরপক্ষের প্রতিনিধি হেলাল অভিযোগ করেন, তাদের গাড়ি আটকে টাকা চাওয়া হয়।
করিমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ওসি মো. সোহেব খান জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























