রাজধানীর উত্তরখানে মোক্তার আলী হত্যা মামলার আসামি আমির হোসেনকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৯ ও র্যাব-১-এর যৌথ অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলার শাফেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) র্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তার আমির হোসেন (৪৫) সুনামগঞ্জ সদর থানার শাফেলা এলাকার বাসিন্দা। নিহত মোক্তার আলী সুনামগঞ্জের জালালগঞ্জ থানার ইনাতনগর এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি পরিবার নিয়ে রাজধানীর উত্তরখান থানার খ্রিস্টানপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
র্যাব জানায়, গত ১৪ আগস্ট বিকেলে আমির হোসেনের মেয়ে ফাতেহার সঙ্গে মোক্তার আলীর মেয়ে তাইবার কথাকাটাকাটি হয়। এর জের ধরে ওই দিন রাতে আমির হোসেন পরিবারের সদস্যদের নিয়ে মোক্তার আলীর বাসায় গিয়ে গালিগালাজ করেন। পরদিন ১৫ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে মোক্তার আলী কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে আমির হোসেনের নির্দেশে অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
হামলার সময় মোক্তার আলীকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্বজনরা তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোক্তার আলীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ঢাকার উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলাটি ১৫ আগস্ট নথিভুক্ত হয়। মামলার পর র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে আমির হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

























