শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইন কর্মকর্তা মাছুম বিল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারের বিদ্যমান আউটসোর্সিং নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় বিরূপ মন্তব্য করেছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়, মাছুম বিল্লাহের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর পর্যায়ভুক্ত।
এছাড়া, একই বিধিমালার ৩(খ) অনুযায়ী তাকে অসদাচরণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন বলে কর্তৃপক্ষ মনে করেছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।























