রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের সময় পরিচয় গোপন রাখার জন্য ৯ হাজার মুখোশ মজুত করার অভিযোগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অভিযান চালিয়েছে। অভিযানে ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির ব্রিফিংয়ে ক্রাইম প্রিভেনশনের (সাউথ) যুগ্ম পুলিশ কমিশনার মো. তোফায়েল আহমেদ মিয়া এ তথ্য জানান। গোপন তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানা-পুলিশ দক্ষিণ কেরাণীগঞ্জে একটি বাসায় অভিযান চালায়। সেখানে একটি আলমারির পেছন থেকে তিনটি বড় কার্টন উদ্ধার করা হয়, যাতে ৯ হাজার পিস মুখোশ ছিল।
এ ঘটনায় যুবলীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন পুলিশকে জানিয়েছেন, নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সময় চেহারা শনাক্ত না হওয়ার জন্য এসব মুখোশ সংগ্রহ করা হয়েছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ দলের এক বড় নেতার নির্দেশে মুখোশ ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করা হয়। তবে ওই নেতার পরিচয় প্রকাশ করা হয়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডিএমপি বলছে, রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের কয়েকটি ঘটনায় ইমনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। নাশকতার পরিকল্পনার সঙ্গে অন্যদের জড়িত থাকার বিষয়েও তদন্ত চলছে।






















