রাজধানীর গুলশান লেক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা অনুযায়ী, তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গুলশান ২ নম্বরের ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বিকেলে এ তথ্য জানান।
তিনি বলেন, দুপুরে লেকের পাশের বাসিন্দারা মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। পরে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। যুবকের পরনে শুধু একটি প্যান্ট ছিল।
সহকারী পুলিশ কমিশনার জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট কাজ করছে। এ ছাড়া ওই ব্যক্তির মৃত্যুর কারণ এবং কীভাবে তার মরদেহ লেকে এলো, তা জানতে তদন্ত চলছে।























