ঢাকার সাভারে এক মাদ্রাসাশিক্ষার্থী নিখোঁজের ঘটনায় তার পরিবারের সদস্যদের সঙ্গে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে হেমায়েতপুরের যাদুরচর এলাকায় আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার প্রধান ফটকের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিখোঁজ শিক্ষার্থীর মা জানান, গত ১১ অক্টোবর দুপুরে তার স্বামীকে ফোন করে জানানো হয়, মেয়ে মাদ্রাসা থেকে পালিয়ে গেছে। এরপর তিনি মাদ্রাসায় গিয়ে খোঁজাখুঁজি করেন এবং রাতে সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি অভিযোগ করেন, মাদ্রাসার নিরাপত্তাকর্মী থাকা সত্ত্বেও তার মেয়ে কীভাবে নিখোঁজ হলো, তা জানতে চাওয়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে সঠিক উত্তর পাননি।
বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা প্রতিবেশীদের নিয়ে মাদ্রাসায় যান। পরিবারের নারী সদস্যরা শিক্ষকদের সঙ্গে কথা বলতে মাদ্রাসার ভেতরে প্রবেশ করেন, আর পুরুষ সদস্যরা বাইরে অপেক্ষা করছিলেন। এ সময় অন্য একটি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এসে পুরুষ সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মিডিয়া শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ ফিরোজী অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দেন। তিনি জানান, নিখোঁজ ছাত্রীটি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী এবং ১১ অক্টোবর সকালে নিরাপত্তাকর্মীর নজর এড়িয়ে বের হয়ে যায়। তিনি বলেন, বিষয়টি জানার পর অভিভাবকদের খবর দেওয়া হয় এবং সিসিটিভি ফুটেজও দেখানো হয়েছে।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, পুলিশ নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজছে এবং তার বইয়ে লেখা মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত চলছে। তিনি জানান, পরিবারের সদস্যরা কেন এলাকাবাসীকে নিয়ে মাদ্রাসায় গিয়েছিলেন, তা বুঝতে পারছেন না।























