শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে সারা দেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ সময় পূজাকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ১৩১টি ঘটনায় প্রতিরোধমূলক ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ঘটনায় প্রতিমা ভাঙচুরের চেষ্টা, বিবাদ মীমাংসা, অগ্নিসংযোগ প্রতিরোধ ও মাদকসংক্রান্ত ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আনসার সদর দপ্তরের সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান। বাহিনীটির তথ্যানুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ১৬৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লাখ ১২ হাজার ৮১৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে ১০৪টি স্ট্রাইকিং ফোর্স টিমে ৬২৪ জন সদস্য প্রস্তুত রাখা হয়।
আনসারের তথ্য অনুযায়ী, দুর্গাপূজাকেন্দ্রিক ঘটনায় প্রতিমা ভাঙচুরের চেষ্টা ও ভাঙচুর প্রতিরোধে ২০টি, বিবাদমান সমস্যা সমাধানে ৩৬টি এবং অগ্নিসংযোগ প্রতিরোধে দুটি ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মাদকসংক্রান্ত ১৩টি ঘটনার তথ্য রয়েছে। পৃথক ২৪টি ঘটনায় ৪৯ জনকে আটক করা হয়েছে এবং ১৫টি শিশু উদ্ধার করা হয়েছে।
নিরাপত্তা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হয়। অ্যাপটির মাধ্যমে ৬৬ হাজার ৩৩০ জন নারী আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করেন। তারা দায়িত্বপ্রাপ্ত পূজামণ্ডপে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তথ্য জানান। এর ফলে দ্রুত পদক্ষেপ নেওয়া সহজ হয় বলে জানিয়েছে বাহিনী।
গত ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া দুর্গোৎসবের নিরাপত্তা কার্যক্রম ২২ অক্টোবর পর্যন্ত অব্যাহত ছিল। পূজামণ্ডপের পাশাপাশি জনসমাগমপূর্ণ স্থানে শৃঙ্খলা বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং নারী ও শিশুদের সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পূজা-পরবর্তী নিরাপত্তাব্যবস্থাও গ্রহণ করা হয়।























