বাগেরহাট সদর উপজেলায় জমি দখলের বিরোধের জেরে ৭০ বছর বয়সী বৃদ্ধ কৃষক এশারাত মোল্লাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পাতিলাখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত এশারাত মোল্লা পাতিলাখালী গ্রামের মৃত রুপোই মোল্লার ছেলে এবং পেশায় একজন কৃষক। বর্তমানে তিনি বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এশারাত মোল্লা অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুরে পাতিলাখালী গ্রামের পিন্টুর নেতৃত্বে মিন্টু মোল্লা (৪০), তার ছেলে হাদিছ মোল্লাসহ (১৯) ৭ থেকে ৮ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা তাকে মারধর করে রক্তাক্ত জখম করে।
তিনি দাবি করেন, মূলত জোরপূর্বক তার বাড়ি ও জমি দখলের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই স্বজনরা এশারাত মোল্লাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা করা হয়নি, তবে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।























