ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নগর পরিকল্পনাবিদ মো. নজরুল ইসলামের বিরুদ্ধে জাল অভিজ্ঞতার সনদ দিয়ে চাকরিতে প্রবেশের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি সাভার পৌরসভার নামে ভুয়া অভিজ্ঞতার সনদ জমা দিয়ে নগর পরিকল্পনাবিদ পদে নিয়োগ লাভ করেন। গত ৫ সেপ্টেম্বর তাঁকে প্রধান নগর পরিকল্পনাবিদের চলতি দায়িত্ব দেওয়া হয়।
অভিযোগকারীদের দাবি, সাভার পৌরসভায় নজরুল ইসলামের চাকরির অভিজ্ঞতার সনদে উল্লেখিত তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তারা জানান, সনদে উল্লিখিত সময়ে সাভার পৌরসভায় ‘সহকারী নগর পরিকল্পনাবিদ’ বা ‘সহকারী অঞ্চল পরিকল্পনাবিদ’ নামে কোনো পদ ছিল না এবং তিনি সেখানে অন্য কোনো পদেও চাকরি করেননি।
নিয়োগ বিধি অনুযায়ী, নগর পরিকল্পনাবিদ পদে নিয়োগের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নগর ও অঞ্চল পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি এবং সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে সহকারী নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। অভিযোগ রয়েছে, নজরুল ইসলাম চাকরির আবেদনের সঙ্গে সাভার পৌরসভায় কাজ করার অভিজ্ঞতার সনদ জমা দিয়েছিলেন, কিন্তু সেখানে তাঁর চাকরির গ্রহণযোগ্য নথি নেই।
এদিকে, ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদের পদে দীর্ঘদিন অতিরিক্ত দায়িত্ব পালনের ঘটনাও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে। ২০০৪ সালে প্রধান নগর পরিকল্পনাবিদের আকস্মিক মৃত্যুর পর মোহাম্মদ সিরাজুল ইসলামকে ওই পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ রয়েছে, তিনি প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও ২২ বছর ধরে ওই দায়িত্বে ছিলেন।
অভিজ্ঞ মহলের মতে, নগর পরিকল্পনা বিভাগ একটি সিটি কর্পোরেশনের উন্নয়ন ও পরিকল্পিত নগরায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিতর্কিত নিয়োগের অভিযোগ অব্যাহত থাকলে নগর উন্নয়ন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে। সংশ্লিষ্টদের মতে, নজরুল ইসলামের অভিজ্ঞতার সনদ এবং নিয়োগের প্রক্রিয়া নিরপেক্ষভাবে পর্যালোচনা করা প্রয়োজন।























