সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন স্কেল বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। নতুন এই বেতন কাঠামো একবারেই কার্যকর করার সম্ভাবনা তৈরি হয়েছে, যা আগে দুই ধাপে কার্যকর করার চিন্তা ছিল। অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রযুক্তিগত জটিলতা, প্রশাসনিক ব্যয় বৃদ্ধি এবং চাকরিজীবীদের মধ্যে অসন্তোষের সম্ভাবনার কারণে সরকার দুই ধাপে বাস্তবায়নের চিন্তা থেকে সরে এসেছে। আইবাস প্ল্যাটফর্মে বেতন সমন্বয় করা জটিল হওয়ায় প্রশাসন এককালীন বাস্তবায়নের দিকে ঝুঁকছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে নতুন বেতন কাঠামো পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশগুলোর আর্থিক প্রভাব, বাস্তবায়নের সময়সূচি এবং বিভিন্ন ক্যাডার ও শ্রেণির চাকরিজীবীদের মধ্যে ভারসাম্য বজায় রাখার কৌশল নিয়ে আলোচনা হবে।
বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম থাকলেও মূল বেতন ১ জুলাই থেকে কার্যকরের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হতে পারে। নতুন কাঠামোর আওতায় বিভিন্ন ধরনের ভাতা যুক্ত করার বিষয়টি ২০২৭-২৮ অর্থবছর পর্যন্ত গড়াতে পারে। সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।























