সড়ক নিরাপত্তা আইন ও — সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর আইন ও সেফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সভাকক্ষে অনুষ্ঠিত এক তরুণ কর্মশালায় বক্তারা এই দাবি জানান।
কর্মশালায় সড়ক নিরাপত্তা আইন এবং সেফ সিস্টেম এপ্রোচের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) মহাসচিব লিটন এরশাদ বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকের সচেতনতা বাড়ানো যথেষ্ট নয়। সড়ক ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে একটি কার্যকর, যুগোপযোগী ও জবাবদিহিমূলক সড়ক নিরাপত্তা আইন অত্যন্ত জরুরি। আইনটির যথাযথ প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে সড়কে মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব।
লিটন এরশাদ বলেন, সড়ক নিরাপত্তা কোনও একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি রাষ্ট্র, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সড়ক ব্যবহারকারী সবার সম্মিলিত দায়িত্ব।
অন্যদিকে, সেফ সিস্টেম এপ্রোচের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহিদ হোসেন মাগফি। তিনি বলেন, সড়ক দুর্ঘটনাকে শুধু চালকের ভুল হিসেবে দেখার সুযোগ নেই। একটি দুর্ঘটনার পেছনে সড়কের নকশা, যানবাহনের অবস্থা, গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইন প্রয়োগসহ নানা বিষয় জড়িত থাকে।
মাহিদ হোসেন মাগফি বলেন, সেফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়ন করতে হবে। এই পদ্ধতির মূল লক্ষ্য হলো, মানুষের ভুলের সম্ভাবনাকে বিবেচনায় রেখে এমন একটি নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলা, যেখানে কোনও ভুলের কারণে যেন মানুষের জীবনহানি না ঘটে।
তিনি আরও বলেন, নিরাপদ সড়ক অবকাঠামো, নিয়ন্ত্রিত গতি, নিরাপদ যানবাহন, দায়িত্বশীল আচরণ এবং দুর্ঘটনা-পরবর্তী দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। তরুণদেরও সড়ক নিরাপত্তা আন্দোলনে সম্পৃক্ত হয়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
ঢাকা আহ্ছানিয়া মিশন ইয়্যুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিইংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান।
কর্মশালায় বিভিন্ন ইয়ুথ অর্গানাইজেশন ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক তরুণ অংশগ্রহণ করেন। এ সময় তরুণদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ সড়ক গঠনে তরুণদের ভূমিকা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী তরুণরা নিরাপদ সড়ক নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি এবং সড়ক ব্যবস্থাপনায় নিরাপদ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
























