তুরস্কে শুরু হলো জাতিসংঘের — জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ গতকাল বুধবার তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে। সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি, বিশেষজ্ঞ এবং পরিবেশবাদীরা অংশগ্রহণ করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা এ সম্মেলনে উপস্থিত রয়েছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্মেলনের উদ্বোধন করেন। তিনি বলেন, মানুষের অতিরিক্ত ভোগবিলাসের কারণে বিশ্ব আজ এক গভীর অস্তিত্ব সংকটের মুখোমুখি। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে কোনো দেশই মুক্ত নয়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে জলপাই গাছের চারা রোপণ করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরুর আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি কুয়েত, পাকিস্তান, ইরান, মলদোভা, সিরিয়া এবং লন্ডনের মেয়রের সঙ্গে আলাপ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে বৈঠকে নারীদের স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। তিনি বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দেন।
এমিনে এরদোয়ান বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং সৌরশক্তি উৎপাদনে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশের পাটজাত পণ্য ব্যবহারের বিষয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পায়।
তুরস্কের প্রেসিডেন্টের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে একটি নৈশভোজ অনুষ্ঠিত হয়, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক অংশগ্রহণ করেন। এ সময় তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


























