ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী চন্দন সূত্রধর। রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাই আনন্দ সূত্রধর।
চন্দন সূত্রধর বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে আন্দোলনে অংশ নিয়েছিলেন। আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর তার মাথায় এখনো বুলেট রয়ে গেছে বলে জানিয়েছেন সহপাঠী ও শিক্ষকরা। তার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়।
চন্দনের মৃত্যুতে শোক প্রকাশ করে তার সহপাঠী আজিজুর রহমান বলেন, "ডেঙ্গুতে আমার বন্ধুকে হারাতে হবে, এটা কখনো কল্পনাও করিনি।" তিনি আরও বলেন, "ডেঙ্গু এখন আর সাধারণ কোনো বিষয় নয়, এটি ভয়াবহ প্রাণঘাতী হয়ে উঠেছে।"
জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ত্বহা হুসাইন বলেন, "খবরটি শুনে আমি মর্মাহত। হঠাৎ করে তার চলে যাওয়া যেন বিশ্বাস করতে পারছি না।" চন্দনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, শিক্ষক ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

























