পাভেলের বাসার নিচে নির্মাতার — ‘মিরাক্কেল’ ও ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ধারাবাহিক নাটক ‘হাঙামা’র লেখক ও পরিচালক মানসুর আলম নির্ঝর। অভিযোগ অনুযায়ী, পাভেল পরপর দুই দিন শুটিংয়ের নির্ধারিত সময়সূচিতে উপস্থিত না হওয়ায় কাজ করা সম্ভব হয়নি। এই কারণে আজ রোববার (২২ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর মিরপুরের পল্লবীতে পাভেলের বাসার নিচে শুটিং ইউনিটের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নির্মাতা মানসুর আলম নির্ঝর জানান, শুটিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন করার পরও পাভেলের অনুপস্থিতির কারণে পুরো ইউনিটের প্রায় ৬০ জন সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, “দুই দিনের শুটিং বন্ধ থাকায় প্রযোজনা প্রতিষ্ঠানের প্রায় ১৮ থেকে ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।”
নির্মাতা আরও জানান, তিনি পাভেলের কাছে ক্ষতিপূরণ ও জনসমক্ষে ক্ষমা দাবি করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিষয়টি এরই মধ্যে ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘকে অবহিত করা হয়েছে। পাশাপাশি পাভেলের এলাকার সোসাইটি এবং পল্লবী থানাকেও বিষয়টি জানানো হয়েছে।”
মধ্যরাতে শুটিং ইউনিটের সদস্যদের এভাবে অভিনেতার বাসার নিচে জড়ো হওয়া এবং সংবাদ সম্মেলন করার ঘটনাটি বিনোদন অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যম ও বিনোদনভিত্তিক পেজ থেকে এই সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করা হয়।
‘হাঙামা’ ধারাবাহিক নাটকে সাইদুর রহমান পাভেল ছাড়াও অভিনয় করছেন সেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর এনান (কেটো), সামিউল ভূঁইয়া (ভাইসাব), তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়া, উজ্জ্বল মাহমুদ, শাওন (মিরাক্কেল), সিকদার মুকিত, জারিন জারা খান, সুমন পাটোয়ারী ও সিনি স্নিগ্ধাসহ আরও অনেকে।
এদিকে, নির্মাতার অভিযোগের বিষয়ে অভিনেতা সাইদুর রহমান পাভেলের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


























