লেবাননের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে — লেবাননের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি একই সঙ্গে সিরিয়ায় সব জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের অংশগ্রহণে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) মস্কোয় অ্যান্টিওকের গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক জন এক্সের সঙ্গে বৈঠকে ল্যাভরভ এসব কথা বলেন। বৈঠকে লেবাননের পরিস্থিতিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে উল্লেখ করেন তিনি। ল্যাভরভ জানান, পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকায় দেশটিতে নতুন করে সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ছে।
ল্যাভরভ বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ড অব্যাহত রয়েছে এবং এতে আরেকটি সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ছে। এমন পরিস্থিতি আমরা কোনোভাবেই দেখতে চাই না।’ তিনি লেবাননের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা এবং দেশটির প্রধান তিন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান নাজুক ভারসাম্য বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।
সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন ল্যাভরভ। তিনি বলেন, দেশটিতে জাতীয় সংহতি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নানা উসকানি সত্ত্বেও সব জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের অংশগ্রহণে প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থার প্রতিশ্রুতির প্রশংসা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, সিরিয়ার পিপলস অ্যাসেম্বলিতে অর্থোডক্স খ্রিষ্টানদের প্রতিনিধিত্ব এবং নেতৃত্বের পদে তাদের অংশগ্রহণের বিষয়টি। সিরিয়ার সরকারেও অর্থোডক্স খ্রিষ্টানদের প্রতিনিধিত্ব রয়েছে বলে জানান তিনি।
এছাড়া, আঞ্চলিক শান্তি ও পুনর্মিলন প্রতিষ্ঠায় অ্যান্টিওকের অর্থোডক্স চার্চের ভূমিকার প্রশংসা করেন ল্যাভরভ। তিনি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে প্যাট্রিয়ার্কের মূল্যায়ন এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় রাশিয়ার সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন।

























