গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে — নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ঘটনায় দেশ-বিদেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, নভেম্বর মাসের শুরু থেকে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে প্রায় প্রতিদিন পেট্রলবোমা হামলা হচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ড. ইউনূস জানান, এই মাসেই দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে। হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে এবং হামলার ধরন দেখে তার ধারণা, ওপরের মহলের নির্দেশনায় এসব ঘটনা ঘটানো হচ্ছে।
ড. ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের খবরে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীদের দায়ী করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, চট্টগ্রামে তার নিজ বাড়িতেও হামলা হয়েছে, যেখানে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করেন।
গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ড. ইউনূস বলেন, দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংক দারিদ্র্য দূর করতে বিশ্বজুড়ে পরিচিত। ২০ বছর আগে ব্যাংকটি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল এবং এ বছর প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি হচ্ছে।
তিনি জানান, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। এই ঋণের মাধ্যমে অনেক নারী দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েছেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পাশাপাশি সন্তানদের শিক্ষার ব্যবস্থা করাও তাঁদের জন্য সহজ হয়েছে।
ড. ইউনূসের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশ নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি এবং ঋণগ্রহীতারাই ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক। তিনি বলেন, ব্যাংকটিতে হামলা মানে এসব নারীর নিরাপত্তা ও স্বাবলম্বী হওয়ার সুযোগের ওপর আঘাত।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, কয়েকটি হামলার ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। এসব হামলার কারণে গ্রামাঞ্চলের লাখো নারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামীণ ব্যাংক তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অবলম্বন।
ড. ইউনূস আরও জানান, গ্রামীণ ব্যাংকের বাইরেও হামলার ঘটনা ঘটছে। তিনি উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি ও তিনটি পুলিশ স্টেশনেও হামলা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের মালিকানা নিয়ে ছড়ানো বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, ব্যাংকটি তার ব্যক্তিগত মালিকানাধীন নয় এবং ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়। এরপর থেকে ব্যাংকের পরিচালনা বা দৈনন্দিন কাজে তার কোনো ভূমিকা নেই।
তিনি জানান, ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বাড়তি নিরাপত্তা চাওয়া হয়েছে। হামলার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি সব হামলাকারীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।
ড. ইউনূস আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ সৃষ্টির জন্য গ্রামীণ ব্যাংকের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, গ্রামীণ ব্যাংকে হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; এটি দারিদ্র্য দূর করা এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার ওপরও আঘাত।
























