এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ — বাংলাদেশ এশিয়ার ২৭টি দেশের মধ্যে সামগ্রিক শক্তির বিচারে ২০তম অবস্থানে রয়েছে। অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের ২০২৫ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে বাংলাদেশের স্কোর ৯। আগের বছরের তুলনায় এই স্কোর ০.৪ পয়েন্ট কমেছে, যা এ অঞ্চলের দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পতন।
লোয়ি ইনস্টিটিউটের প্রকাশিত তথ্যে দেখা যায়, বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের তুলনায় কিছুটা ভালো হলেও, এশিয়ার শীর্ষ পরাশক্তিগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। সূচকে দেশগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে: সুপার পাওয়ার, মেজর পাওয়ার, মিডল পাওয়ার এবং মাইনর পাওয়ার। বাংলাদেশকে ‘মাইনর পাওয়ার’ বা ক্ষুদ্র শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত ও পাকিস্তান। ভারতের অবস্থান তৃতীয়, স্কোর ৪০ দশমিক ৫। পাকিস্তান ১৬তম অবস্থানে রয়েছে, যার স্কোর ১৫। শ্রীলঙ্কা ২১তম এবং নেপাল ২৬তম অবস্থানে রয়েছে, যথাক্রমে স্কোর ৮ দশমিক ২ এবং ৫ দশমিক ১। অর্থাৎ, সামগ্রিক শক্তির বিচারে বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে এক ধাপ এবং নেপালের চেয়ে ছয় ধাপ এগিয়ে রয়েছে।
এশিয়ার বৃহৎ শক্তিগুলোর মধ্যে চীনের অবস্থান দ্বিতীয়, যার স্কোর ৭৩ দশমিক ৬। জাপান চতুর্থ অবস্থানে রয়েছে, স্কোর ৩৮ দশমিক ৬। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া নবম অবস্থানে রয়েছে, স্কোর ২১ দশমিক ৭।
লোয়ি ইনস্টিটিউটের সূচকে বাংলাদেশের অবস্থান আটটি প্রধান মাপকাঠিতে মূল্যায়ন করা হয়েছে। এই মাপকাঠিগুলো হলো অর্থনৈতিক সক্ষমতা, সামরিক সক্ষমতা, সহনশীলতা, ভবিষ্যৎ সম্পদ, অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রভাব ও সাংস্কৃতিক প্রভাব।
বাংলাদেশের সবচেয়ে ভালো অবস্থান ভবিষ্যৎ সম্পদে, যেখানে ২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম, স্কোর ৬ দশমিক ৮। অর্থনৈতিক সক্ষমতায় বাংলাদেশ ১৭তম, সহনশীলতায় ১৭তম এবং সাংস্কৃতিক প্রভাবেও ১৭তম অবস্থানে রয়েছে।
অন্যদিকে, সামরিক সক্ষমতায় বাংলাদেশের অবস্থান ২২তম, প্রতিরক্ষা নেটওয়ার্কে ২১তম এবং কূটনৈতিক প্রভাবে ১৮তম। বাংলাদেশের অবস্থান সবচেয়ে পিছিয়ে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে; এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ২৩তম।
এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৫ অনুযায়ী, বাংলাদেশের সামগ্রিক শক্তির সূচক দেশটির আন্তর্জাতিক অবস্থান ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।
সূত্র: লোয়ি ইনস্টিটিউট, এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৫

























