শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে এবং আপাতত পরীক্ষাটি পেছানোর কোনো পরিকল্পনা নেই।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, জানুয়ারিতে পরীক্ষা শুরু হলে তা এক মাস ধরে চলবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াবে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত চলবে, ফলে এই সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এসএসসি পরীক্ষাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসাই সরকারের লক্ষ্য। তিনি জানান, বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীদের জন্যও দেশের শিক্ষাব্যবস্থার সময়সূচির সঙ্গে বিষয়টি সমন্বয় করা হয়।
রমজানের আগে পরীক্ষা এগিয়ে আনার বিষয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, নবম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা রিভিউ করার পর্যাপ্ত সুযোগ না থাকায় তা সম্ভব হচ্ছে না। শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করতে চায় না এবং তাদের পর্যাপ্ত সময় দিতে হবে।
























