নড়াইলের লোহাগড়া উপজেলায় ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে প্রাণ নাশকের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামি প্রহলাদ খানের জামাই রুহিন আহমেদ (৩৫) এর বিরুদ্ধে। ভুক্তভোগী নারী এ ঘটনায় লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, গত ২৪ অক্টোবর তিনি থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, ১ অক্টোবর লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচর গ্রামের প্রহলাদ খানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। পরে ২৪ অক্টোবর দুপুরে রুহিন আহমেদসহ অজ্ঞাত ২/৩ জন তার বাড়িতে গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করেন।
অভিযোগের বিষয়ে জানতে রুহিন আহমেদকে ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সোনাতুন্দি গ্রামের আবু জাফর মোল্যার ছেলে এবং পুলিশের চাকরি করেন বলে জানা গেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।























