রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ৪৭ কেজি ওজনের ২টি বড় কাতল মাছ জেলের জালে ধরা পড়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে বাহিরচর এলাকায় জেলে সেকেন হলদারের জালে মাছ ২টি ধরা পড়ে। পরে মাছ ২টি মোট ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।
জানা যায়, সেকেন হলদার মাছ ধরার সময় তার জালে ২৫ কেজি ওজনের একটি এবং ২২ কেজি ওজনের অপর একটি কাতল মাছ ধরা পড়ে। মাছ ২টি দৌলতদিয়া ঘাট এলাকার একটি আড়তে নিয়ে গিয়ে ওজন করা হয়।
দৌলতদিয়া ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান, তিনি উন্মুক্ত নিলামে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছ ২টি কিনে পরে সিলেট শহরের এক লন্ডন প্রবাসীর কাছে কেজিপ্রতি ২০০ টাকা লাভ রেখে মোট ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ আরও বলেন, পদ্মা নদীতে মাঝে মাঝে বড় আকারের মাছ ধরা পড়লেও একসঙ্গে এমন ওজনের ২টি কাতল পাওয়া বিশেষ ঘটনা।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন পাইলট বলেন, পদ্মা নদী দেশীয় প্রজাতির বড় মাছের জন্য সমৃদ্ধ। নদীতে পানি ও অনুকূল পরিবেশ থাকলে এ ধরনের বড় আকারের কাতল মাছ পাওয়া যায়।


























