রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিরুদ্ধে তিনবার পৃথক জামিনের আবেদন করার ঘটনায় হাইকোর্ট ১১ জনকে শোকজ করেছে। তাদের ১৫ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
শোকজ পাওয়া ১১ জনের মধ্যে তিন আইনজীবী, পাঁচ আসামি এবং তিনজন তদবিরকারক রয়েছেন। আইনজীবীরা হলেন অ্যাডভোকেট আন্না খানম, অ্যাডভোকেট এস এম আব্দুল বাতেন সাকিল ও অ্যাডভোকেট রহিম উদ্দিন।
বুধবার (৪ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাঁচ আসামিকে কোনো আদালতে জামিনের আবেদন না করার নির্দেশ দিয়েছে।
সহকারী অ্যাটর্নি জেনারেল ইমদাদুল হানিফ জানান, একই আসামির ক্ষেত্রে নিম্ন আদালতের একই আদেশের বিরুদ্ধে একাধিক পৃথক আবেদন করার সুযোগ নেই। গত রোববার একটি মামলার শুনানির সময় আদালতের নজরে আসে যে, একই জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে তিনটি পৃথক আবেদন করা হয়েছে।
আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করে এবং সংশ্লিষ্ট আইনজীবীদের ১৫ দিনের জন্য হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।























