চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি বনভূমি দখল করে নির্মিত বসতঘর উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে বন বিভাগের পাঁচ কর্মী এবং একজন পুলিশ কনস্টেবল রয়েছেন। আহতদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করলাশিয়া এলাকায় এই ঘটনা ঘটে। জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাইল হক হামলার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে সরকারি বনভূমি দখল করে ঘর নির্মাণের সুযোগ করে দিচ্ছে। সম্প্রতি মো. নজরুল ইসলাম কালু নামে এক ব্যক্তি বনভূমি দখল করে একটি বসতঘর নির্মাণ করেন। এই সংবাদ পেয়ে বনবিভাগ সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে যায়।
অভিযান চলাকালে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো. লেয়াকত আলী এবং মো. নজরুল ইসলাম কালুর নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা, দা-কিরিচ ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়।
বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাইল হক বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারে অভিযানে গেলে দখলদার চক্রটি হামলা চালিয়েছে। তিনি জানান, হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং বাঁশখালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।


























