দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের প্রেক্ষাপটে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১১ নভেম্বর আদেশ দেবেন হাইকোর্ট।
আজ বুধবার (৪ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশের জন্য দিন ধার্য করেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. ইউসুফ আলী ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
গত সেপ্টেম্বরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হাইকোর্টে রিট দায়ের করেন, যেখানে তিনি অভিযোগ করেন যে, প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ মর্মে বক্তব্য দেওয়া হয়েছে। রিটে তদন্তাধীন বিষয়ে গণমাধ্যমে মানহানিকর প্রেস ব্রিফিং থেকে দুদককে বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিট আবেদনে ২ ও ১৩ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংকে বেআইনি ঘোষণা করার আর্জি জানানো হয়েছে। এছাড়া, বিচারাধীন বিষয়ে প্রেস ব্রিফিং থেকে বিরত থাকতে নির্দেশনা এবং প্রচারিত বক্তব্যের আনুষ্ঠানিক প্রত্যাহার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে।
এই রিট আবেদনটি (রিট পিটিশন নং ১৩৮৮৫/২০২৬) সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় দায়ের করা হয়। রিটে দুদক চেয়ারম্যান, কমিশনের উপ-পরিচালক ও সহকারী পরিচালককে বিবাদী করা হয়েছে।


























