চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রসহ আটক হওয়ার এক দিন পর মো. নওশেদ আলমকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
আজ বৃহস্পতিবার যুবদলের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী এ সিদ্ধান্ত কার্যকর করেন।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবু সাঈদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। যুবদলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মো. নওশেদ আলমকে অস্ত্রসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

























