নাশকতা দমনে সরকারের নতুন — সরকার নাশকতা দমনে নতুন কৌশল গ্রহণ করছে। অপরাধ ঘটার পর অভিযান নয়, এবার অপরাধ ঘটার আগেই প্রতিরোধ গড়ে তুলতে চায় সরকার। রাজপথে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, থানা ও সরকারি স্থাপনায় হামলার ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় এই কৌশল পরিবর্তন করা হচ্ছে। নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও মাঠপর্যায়ের অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর জোর দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের সাম্প্রতিক নির্দেশনায় কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে এই কঠোরতা কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে আগাম গোয়েন্দা তথ্য, বাহিনীগুলোর সমন্বিত তৎপরতা এবং নিরপরাধ মানুষকে হয়রানি না করে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করার সক্ষমতার ওপর।
সংশ্লিষ্টদের মতে, সরকারের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত নাশকতা ও সহিংসতা নিয়ন্ত্রণ করে জনজীবনে স্বস্তি ফেরানো। দ্বিতীয়ত, চাঁদাবাজি, সন্ত্রাস, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং এবং সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা। সরকারের কঠোর অবস্থান কেবল রাজনৈতিক সহিংসতা দমনের মধ্যে সীমাবদ্ধ থাকলে জননিরাপত্তার দীর্ঘমেয়াদি সংকট কাটবে না বলেও মনে করছেন তারা।
নভেম্বরের শুরু থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলেছে। যাত্রীবাহী বাসে আগুন, রেলপথে অগ্নিসংযোগ, থানা ও পুলিশের যানবাহনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা পরিস্থিতি জটিল করে তুলেছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা জানিয়েছেন, ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে সারা দেশে ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া, পুলিশের ৪টি স্থাপনায় অগ্নিসংযোগ, ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ৩৯টি মামলা দায়ের করা হয়েছে এবং ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, সেপ্টেম্বর ও অক্টোবরে ককটেল বিস্ফোরণের তুলনায় নভেম্বরের প্রথম ২০ দিনে বিস্ফোরণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই পরিস্থিতিতে রাজধানী ও কয়েকটি ঝুঁকিপূর্ণ জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন, তল্লাশি চৌকি স্থাপন এবং সন্দেহজনক তৎপরতার ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। গত ১৫ নভেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী রাজনৈতিক কর্মকাণ্ডের আড়ালে সহিংসতা, নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও নাশকতা ও সহিংসতার ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তবে নাশকতাকারীদের পরিচয় প্রসঙ্গে তার বক্তব্য ছিল, ‘যারাই করুক, তারা দুষ্কৃতকারী।’
অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক মনে করেন, ককটেল বহনকারী কিংবা যানবাহনে আগুন দেওয়া ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি বিস্ফোরক তৈরির স্থান, সরবরাহের পথ, অর্থের উৎস এবং নির্দেশদাতাদের শনাক্ত করা জরুরি। সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য, ডিজিটাল যোগাযোগ ও ফরেনসিক আলামতের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।
সরকারের নতুন কৌশল এবং কঠোর অবস্থান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কতটা কার্যকর হবে, তা সময়ই বলবে। তবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।























