জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পার্বত্য অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নে সরকারকে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি করার নীতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি দাবি করেন, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বান্দরবান কে এস আই মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির একটি সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম উল্লেখ করেন, সরকারের কিছু জেলা, যেমন কুড়িগ্রাম, লালমনিরহাট, ভোলা, পঞ্চগড় ও পার্বত্য তিনটি জেলা, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের শাস্তিস্বরূপ বদলি করার জন্য ব্যবহার করা হয়।
তিনি আরও বলেন, বান্দরবানের পাহাড়ি অঞ্চলে মানুষের জীবিকা নির্বাহ সমতলের তুলনায় অনেক বেশি কষ্টসাধ্য। সেখানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদায়ন হলে অনিয়ম ও দুর্নীতির কারণে জনগণের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে।
সভায় বান্দরবান জেলা নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মংসাপ্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ ও এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেকারুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
























