হবিগঞ্জের বাহুবলে মাত্র ৫ টাকার চায়ের বিল পরিশোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার সাতকাপন ইউনিয়নের হরাইটেকা ও মানিকাবাজার এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ থেকে ২০ গ্রামবাসী আহত হয়েছেন। গুরুতর কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিকাবাজারে মাসুক মিয়ার চায়ের দোকানে হরাইটেকা এলাকার আব্দুল শহিদ চা পান করেন। চায়ের বিল পরে পরিশোধের সময় ৫ টাকা দেওয়াকে কেন্দ্র করে দোকানদার মাসুক মিয়ার সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে।
বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে শালিসের উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শালিসের তারিখ নির্ধারিত থাকলেও এর আগেই সোমবার সন্ধ্যার পর উভয়পক্ষের লোকজন মানিকাবাজার এলাকায় জড়ো হন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে বাহুবল মডেল থানার এএসআই আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়। বাহুবল মডেল থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় হরাইটেকা ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।














