ঢাকার বাসাবো এলাকায় নতুন কাস্টমার কেয়ার সেন্টার চালু করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকসেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
রোববার (৩০ আগস্ট) টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নতুন এ কাস্টমার কেয়ার সেন্টারের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নতুন কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে বাসাবো ও আশপাশের এলাকার টেলিটক গ্রাহকরা সহজে বিভিন্ন গ্রাহকসেবা নিতে পারবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর ফলে ওই এলাকার গ্রাহকদের প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে।
টেলিটক জানায়, গ্রাহকদের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে দেশব্যাপী কাস্টমার কেয়ার নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ অব্যাহত রয়েছে।






















