চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি এস এস পাওয়ার-১ কে সকল পণ্য পুরো বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা এই গ্রুপের জন্য এই সুবিধা প্রদান করা হয়েছে।
শতভাগ মার্জিন সুবিধা দেওয়ায় এস এস পাওয়ার-১ বিদ্যুৎ কেন্দ্রটি এখন থেকে কাঁচামাল আমদানিতে ঋণপত্র (এলসি) খুলতে কোনো প্রকার আগাম অর্থ দিতে হবে না। রোববার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত এস এস পাওয়ার-১ লিমিটেডের ওপর ব্যাংক কোম্পানি আইনের ধারা প্রয়োগ হবে না। এর আগে, চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সাত বাণিজ্যিক ব্যাংক পুনরুদ্ধার করে কেন্দ্রীয় ব্যাংক।
বর্তমানে এস আলম গ্রুপের বেশিরভাগ প্রতিষ্ঠান একাধিক মামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে। তাদের বিদ্যুৎ ও পরিবহন খাতের ব্যবসা টিকে থাকলেও ভোগ্যপণ্যের ব্যবসা সংকটে রয়েছে।
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক বর্তমানে চট্টগ্রামের বাঁশখালীতে স্থাপিত এস এস পাওয়ার-১ বিদ্যুৎ কেন্দ্রের গ্রাহক। ব্যাংক কোম্পানি আইনের ২৭ কক(৩) ধারা অনুযায়ী, খেলাপি ঋণগ্রহীতাদের জন্য ঋণ সুবিধা প্রদান নিষিদ্ধ, তবে বাংলাদেশ ব্যাংক শর্তসাপেক্ষে এই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধা প্রদান করতে অনুমোদন দিয়েছে।


























