কুমিল্লার চান্দিনায় একটি তুচ্ছ ঘটনায় মারধরের জেরে ফেসবুক লাইভে এসে অস্ত্র উঁচিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সমর্থিত এক তরুণ। সোমবার (৩১ আগস্ট) দুপুরে ‘মেহেদি হাসান’ নামে পরিচিত ওই তরুণ লাইভে এসে দাবি করেন, রাজনৈতিক কারণে তার ওপর হামলা হয়েছে।
লাইভ ভিডিওতে মেহেদি হাসান বলেন, “আমি আওয়ামী লীগকে ভালোবাসি।” তিনি জানান, রাণীচড়া গ্রামে তার ওপর হামলা হয়েছে এবং তিনি বিনা অপরাধে মারধরের শিকার হয়েছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সন্ধ্যায় রাণীচড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে হোসেন মিয়াসহ কয়েকজন তাকে মারধর করে।
মেহেদি হাসান তার ভিডিওতে ২৪ ঘণ্টার মধ্যে বিচার না হলে হামলাকারীকে হত্যার হুমকি দেন। তিনি বলেন, “আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমি মুসলমান, আল্লাহর কসম করে বলছি, আমি তাকে জবাই দিবো।” তবে হামলার কারণ সম্পর্কে স্থানীয়রা নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, “ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের নজরে এসেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”























