চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমনে’র সহযোগী মো. মোবারক প্রকাশ গলাকাটা মোবারককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কাঞ্চননগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর মোবারককে তার দুই সহযোগী রায়হান ও ফরিদসহ গ্রেপ্তার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে, যার জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আগামীকাল বৃহস্পতিবার বিস্তারিত তথ্য জানাবেন বলে জানিয়েছেন ওসি রবিউল আলম খান।

























