চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় পুলিশের অভিযানে সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে গলাকাটা মোবারক গ্রেফতার হয়েছেন। অভিযানের সময় মোবারক পুলিশের কাছে নিজের নিরাপত্তা চেয়ে ‘কসম’ করতে থাকেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, মোবারক পুলিশকে বলেন, ‘অস্ত্র ফেলব না।’ পুলিশ সদস্যরা তাকে আশ্বস্ত করে বলেন, ‘আমরা তোরে বাঁচানোর জন্য আসছি। তুই অস্ত্র ফেল, সময় নষ্ট করিস না।’ মোবারক পুলিশের আশ্বাসে ঘরের ফলস ছাদ থেকে নেমে আসেন।
অভিযানের সময় মোবারকের হাতে থাকা অস্ত্রটি তিনি ঘরের একজন বয়স্ক ব্যক্তির কাছে বুঝিয়ে দেন। পরে পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি জব্দ করে। অভিযানে মোবারকের তিন সহযোগীও গ্রেফতার হয়।
পুলিশ জানায়, মোবারক বিদেশে পলাতক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী। তিনি যুবদল নেতা মাসুদ চৌধুরীসহ বেশ কয়েকটি খুনের সঙ্গে জড়িত। গত ২৩ জুন রাউজানে মাসুদ চৌধুরীকে হত্যা করেন মোবারক।

























