জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি ইতোমধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে আসিফ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি ফেসবুকের বর্তমান পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
আসিফ আকবর বলেন, “ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু এখন সেখানে ধর্ম প্রচার হচ্ছে এবং তথ্যের সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়েছে।” তিনি উল্লেখ করেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভুল তথ্যের কারণে অনেক সময় তারকাদের বিড়ম্বনায় পড়তে হয়।
তিনি বলেন, “কোন নিউজ বিশ্বাস করব, কোনটি সত্য- বলা যায় না। আমাকে রিউমার স্ক্যান করে ফোন দিতে হয়।” আসিফ মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রকাশের আগে সত্যতা যাচাই করা জরুরি।
ফেসবুকের পরিবেশে মানিয়ে নিতে না পেরে আসিফ আকবর এই প্ল্যাটফর্ম থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সংগীত থেকে দূরে যাচ্ছেন না তিনি এবং নতুন গান রেকর্ডিংয়ের পাশাপাশি স্টেজ শোতেও অংশ নিচ্ছেন।


























