ইরান ও ইউক্রেন যুদ্ধ বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিসংক্রান্ত গোপন তথ্য ফাঁসের কথা স্বীকার করেছেন বরখাস্ত পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাবিদ ও লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়েছে, পেন্টাগনের অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, সিলভিয়া চারবার পলিগ্রাফ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর ভিডিওতে তথ্য ফাঁসের কথা স্বীকার করেন। যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ পরে তাকে বরখাস্ত করেন।
সিলভিয়া জয়েন্ট চিফস অব স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক অধিদপ্তরে দায়িত্ব পালন করছিলেন। তদন্তকারীদের মতে, তিনি সংবাদমাধ্যমের কাছে অনুমোদনহীনভাবে গোপন তথ্য প্রকাশ করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুনের শুরু থেকে তথ্য ফাঁসের ঘটনা ঘটে আসছিল। সিলভিয়া এনক্রিপ্টেড বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যাল ব্যবহার করে এবং ভার্জিনিয়ার আর্লিংটনের একটি রেস্তোরাঁয় সাংবাদিকের সঙ্গে বৈঠক করেন।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, মামলাটি সম্ভাব্য আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিচার বিভাগের কাছে পাঠানো হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, গোপন তথ্য ব্যক্তিগত সম্পত্তি নয় এবং এ ধরনের তথ্য ফাঁস করা বিশ্বাসঘাতকতা।























