টাঙ্গাইলের মির্জাপুর থেকে ঢাকা পর্যন্ত সরাসরি বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। ‘পূর্বাচল ট্রানজিট এক্সপ্রেস’ নামে পরিচিত এই সার্ভিসটি মির্জাপুর-বালিয়া-গাবতলী ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা রুটে চলবে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী চরপাড়া এলাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, “এই সরাসরি বাস সার্ভিস চালুর ফলে মির্জাপুরের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হবে।” তিনি বিআরটিসির বাস চালুর বিষয়েও আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. কুব্বত আলী মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, এবং পূর্বাচল ট্রানজিট লিমিটেডের চেয়ারম্যান জয়নাল আবেদীন।
অনুষ্ঠান শেষে মির্জাপুর থেকে ঢাকার এই রুটে নিরাপদ ও যাত্রীবান্ধব চলাচল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা হাফেজ মাওলানা মো. আরিফ হোসেন। নতুন বাস সার্ভিস চালুর খবরে মির্জাপুরের যাত্রীদের মাঝে স্বস্তি ও আনন্দের আমেজ বিরাজ করছে।

























