লালমনিরহাটের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন মানুষ।
বুধবার (২৮ অক্টোবর) লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যার ফলে সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হয়। আন্দোলনকারীরা পরে পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপি অনুযায়ী, গত ২০ আগস্ট কাকিনা এলাকার মহিমা রঞ্জন স্মৃতি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। আন্দোলনকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
এছাড়া, ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনীয় চিকিৎসা, মানসিক সহায়তা ও আইনি সহযোগিতা দেওয়ার আহ্বান জানান তারা।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের প্রভাব বা পক্ষপাত যেন না থাকে, তা নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি জানান আন্দোলনকারীরা।

























