সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমূখে জামায়াত এনসিপির লংমার্চের ঘোষণা ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেছেন, বিএনপি সরকার আওয়ামী লীগের চেয়ে খারাপ আচরণ করছে বিরোধী দলের সঙ্গে।
আজ শুক্রবার (২৮ আগস্ট) ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রাশেদ খান জামায়াতের এমপিদের সংসদে সুবিধা চাওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, জামায়াত ১৭ বছর ধরে তাদের কার্যালয়ের তালা খুলতে পারেনি।
তিনি বলেন, জামায়াত এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতনের স্বপ্ন দেখছে, যা জনগণ মেনে নেবে না। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় ১১ দলীয় জোটের এমপিরা বিরোধিতা করেছে এবং হট্টগোল করেছে বলেও অভিযোগ করেন তিনি।
রাশেদ খান আরও বলেন, এনসিপি জামায়াতের সঙ্গে যোগ দেওয়ার পর ধ্বংস হয়ে গেছে। তিনি দাবি করেন, জামায়াত ও এনসিপি মিলে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগকে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























