বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানিয়েছেন, সরকার দেশের সব রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরের ঐতিহ্যবাহী টাঙ্গাইল কটন মিল দ্রুত চালু করা হবে।
শনিবার (০১ আগস্ট) সকালে ২৯ বছর ধরে বন্ধ থাকা টাঙ্গাইল কটন মিল পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, মির্জাপুরের অন্যান্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানও আধুনিকায়নের আওতায় আনা হবে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নয়নে কাজ শুরু করেছে এবং সৌরবিদ্যুৎ খাতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শিল্পকারখানা পরিচালনায় ব্যবসায়ীরা সুবিধা পাবেন।
প্রতিমন্ত্রী জানান, তাঁতশিল্পের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে। তাঁত বোর্ডের উদ্যোগে টাঙ্গাইলে একটি বেসিক সেন্টার ও ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট উদ্বোধন করা হবে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) সচিব কাজী ফিরোজ হোসাইন বলেন, টাঙ্গাইল কটন মিল ১৯৭২ সালে জাতীয়করণ করা হয় এবং ১৯৯৮ সাল থেকে এটি বন্ধ রয়েছে।
এসময় স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রণালয়ের সচিব, বিটিএমসির চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















