প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতের মতো আবারও ‘গুপ্তবাহিনী’ বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং জনগণের কাছে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তিনি রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য বিএনপি রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে। তবে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নকর্মে বাধা দেয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, যারা রাজপথ বন্ধ করতে চায় এবং মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে, তা দেশের জনগণ নির্ধারণ করবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তিনি চট্টগ্রামে উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
























