বরিশালের গৌরনদী উপজেলায় ১৩ বছর বয়সী মুসাইব হোসাইন মাত্র ৭৩ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে একটি অনন্য কৃতিত্ব স্থাপন করেছেন। তিনি উপজেলার উবাই ইবনে কাব (রা.) হিফজুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
মুসাইব হোসাইন বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মিজানুর রহমান বেপারীর ছেলে। মাদ্রাসা ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন এবং প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন। পরিবারের ইচ্ছায় তাকে হিফজুল কোরআন মাদ্রাসায় ভর্তি করা হয়।
মাদ্রাসার শিক্ষকরা জানান, মুসাইবের কোরআন মুখস্থ করার প্রতি প্রবল আগ্রহ ছিল। তিনি নির্ধারিত সময়ের বাইরেও অতিরিক্ত শ্রম ও মনোযোগ দিয়ে পড়াশোনা করতেন। তার এই প্রচেষ্টার ফলস্বরূপ মাত্র ৭৩ দিনে ৩০ পারা কোরআন হিফজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।
মুসাইবের বাবা মিজানুর রহমান বেপারী তার ছেলের সাফল্যে উচ্ছ্বসিত। তিনি বলেন, “ছেলের মেধা আল্লাহ প্রদত্ত। তাকে মাদ্রাসায় ভর্তি করার উদ্দেশ্য ছিল দ্বীনের পথে তার মেধাকে কাজে লাগানো।” তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ছেলের জন্য দেশবাসীর দোয়া চান।
মুসাইব হোসাইন জানান, সবার দোয়ায় তিনি এই গৌরব অর্জন করেছেন এবং ভবিষ্যতে একজন দক্ষ আলেম হয়ে দেশের সেবায় নিয়োজিত হওয়ার স্বপ্ন দেখেন। মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী একরামুল হক জানান, এই মাদ্রাসায় এমন সাফল্য এবারই প্রথম।

























