নড়াইলের কালিয়া উপজেলায় (২২) বছর বয়সী এক বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. আমির মুন্সি (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে অভিযুক্ত আমির মুন্সিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও ভুক্তভোগী তরুণীর পরিবার সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার একটি গ্রামে অভিযুক্ত আমির মুন্সি তরুণীকে বাড়িতে একা থাকার সুযোগে ধর্ষণ করেন। অভিযোগ রয়েছে যে, আমির এর আগে একাধিকবার ওই বাক-প্রতিবন্ধীকে ধর্ষণ করেছেন।
ধর্ষণের বিষয়টি জানাজানি হলে শুক্রবার সকালে কালিয়া পুলিশের একটি দল অভিযুক্ত আমির মুন্সিকে গ্রেফতার করে। পরে ভুক্তভোগী তরুণীর বড় বোন বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বার্তা বাজারকে জানান, বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আমির মুন্সিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
























