বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ৯ দফা দাবি জানিয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জামায়াতের দাবিগুলোর মধ্যে রয়েছে—স্থানীয় সরকার নির্বাচনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বহাল রাখা এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারীদের প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়া। এছাড়া, নির্বাচন কমিশনে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়োগ বাতিলের দাবি জানানো হয়েছে।
দলটি উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষে নিয়োগ দেওয়া প্রশাসকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের দাবি করেছে। তারা তফসিল ঘোষণার পর প্রশাসকের পদ থেকে পদত্যাগ করলেও নির্বাচনে প্রার্থী হতে না পারার বিধান করার দাবি জানিয়েছে।
জামায়াতের অভিযোগ, বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকারি অর্থ ও উন্নয়ন বরাদ্দ ব্যবহার করে নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। এ কারণে প্রশাসকদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে স্থায়ী অযোগ্যতার বিধান চেয়েছে তারা।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে শামসুল আলমের নিয়োগ নিয়েও আপত্তি জানিয়েছে জামায়াত। গোলাম পরওয়ারের অভিযোগ, ওই কর্মকর্তা বিএনপির নির্বাচনবিষয়ক সাব-কমিটির সক্রিয় সদস্য ছিলেন।
জামায়াতের দাবি, স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়া সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের সমানাধিকারের নীতির পরিপন্থি। তারা নির্বাচন কমিশনকে এ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য জোর তাগিদ দিয়েছে।




















