ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সরকারি কর্মজীবী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয় ও সম্পদের হিসাব প্রতিবছর হালনাগাদ ও প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ আহ্বান জানান। তিনি বলেন, সরকারি কর্মজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত যৌক্তিক, তবে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বেতন-ভাতার সামঞ্জস্য থাকা জরুরি।
তিনি আরও বলেন, জনগণের করের টাকায় বেতন-ভাতা বৃদ্ধির সুফল পেতে হলে কর্মজীবীদের আয় ও সম্পদের হিসাব প্রতিবছর প্রকাশ করা উচিত। যারা এই বিবরণী প্রকাশ করবেন, কেবল তাদের জন্য নতুন বেতন-ভাতা বৃদ্ধি প্রযোজ্য হওয়া উচিত।
ড. ইফতেখারুজ্জামান জানান, এ শর্ত বাস্তবায়ন হলে সরকারি খাতে দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা সহজ হবে। তিনি উল্লেখ করেন, অনেক সরকারি কর্মজীবী সৎভাবে দায়িত্ব পালন করেন এবং তাদের জন্য নতুন বেতনস্কেল অপরিহার্য।
তিনি সতর্ক করেন যে, কার্যকর জবাবদিহির ব্যবস্থা ছাড়া নতুন বেতনস্কেল বাস্তবায়ন করলে সরকারি খাতে দুর্নীতির মাত্রা বাড়তে পারে। ২০১৫ সালে বাস্তবায়িত অষ্টম পে-স্কেলের উদাহরণ দিয়ে তিনি বলেন, সে সময় সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতি বেড়েছে।
টিআইবির পক্ষ থেকে আরও বলা হয়, সরকারি কর্মজীবীদের বেতন-ভাতা বৃদ্ধির ফলে নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির আশঙ্কা রয়েছে।

















