রাজবাড়ীর পাংশা মহিলা কলেজ কেন্দ্রে সোমবার (৬ জুলাই) এইচএসসি পরীক্ষার সময় মোবাইল ফোন নিয়ে প্রবেশ করার কারণে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ.বি.এম. ওহেদুজ্জামান ডাব্লু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইংরেজি পরীক্ষার সময় অসদুপায় অবলম্বন করায় মানবিক বিভাগের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে থাকা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ফাহাদ মোহাম্মদ প্রান্ত বলেন, পরীক্ষার্থীরা ওয়াশ রুমে প্রবেশ করার সময় তাদের হাতে প্রশ্নপত্র ও একটি মোবাইল ফোন দেখা যায়। এ সময় কেন্দ্রে ম্যাজিস্ট্রেট প্রবেশ করেন এবং তাদের বহিষ্কার করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক জানান, ওই শিক্ষার্থীদের ওয়াশ রুমে মোবাইল ফোন হাতে পাওয়া গেছে এবং পরে তাদের বহিষ্কার করে মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।


























