দীর্ঘ ২০০ বছর পর ভারতের মহারাষ্ট্রের বিড জেলার দহিফলে একটি পরিবারে কন্যাসন্তানের জন্ম হয়েছে। নবজাতককে ঘিরে পরিবারে উৎসবের আমেজ বিরাজ করছে। মা ও মেয়েকে পুষ্পসজ্জিত রথে চড়িয়ে, ব্যান্ডপার্টি ও ঢাকঢোল বাজিয়ে রাজকীয় আয়োজনে ঘরে তোলা হয়েছে।
গার্গী নামের এই কন্যাসন্তানটি কল্পনা হৃষিকেশ দহিফলের গর্ভে জন্মগ্রহণ করেছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর স্থানীয় লোকজনের উপস্থিতিতে নবজাতক ও তার মাকে বরণ করে নিতে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়।
ঢাকঢোল ও কাঁসর বাজিয়ে, ব্যান্ডপার্টির সুরে এবং ফুল দিয়ে সাজানো রথে করে গার্গী ও তার মাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এই দৃশ্য দেখতে স্থানীয় বাসিন্দারাও জড়ো হন। ব্যতিক্রমী এই আয়োজন পুরো এলাকায় আনন্দের আবহ তৈরি করে।
গার্গীর দাদু লিম্বাজী দহিফলে নাতনির জন্মে আবেগাপ্লুত হয়ে বলেন, পরিবারে কন্যাসন্তানের আগমন পরম সৌভাগ্যের বিষয়। গার্গীর ঠাকুমা সুরেশা দহিফলে জানান, ‘আমাদের ঘরে আজ সাক্ষাৎ লক্ষ্মী এসেছে।’
গার্গীর বাবা বলেন, কন্যাসন্তানের জন্ম যে আনন্দ ও অনুভূতি নিয়ে আসে, সেটি সম্পূর্ণ আলাদা। তিনি তাদের মেয়েকে ফুলের মতো করে বড় করার প্রত্যয় ব্যক্ত করেন। পরিবারটি কন্যাসন্তানের জন্মকে আনন্দের সঙ্গে উদযাপন করার বার্তা সমাজে পৌঁছে দিতে রাজকীয় বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।





















