ফেনীর দাগনভূঞায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুলের সামনে এ সংঘর্ষ ঘটে।
দলটির দুপক্ষের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে নেতাকর্মীরা একে অপরকে জুতা, বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ২৫ জন নেতাকর্মী এবং দুই গণমাধ্যমকর্মী আহত হন।
আহতদের মধ্যে দাগনভূঞা পৌর যুবদলের সদস্যসচিব ইকবাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি এম সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা মোহাম্মদ রাব্বি এবং গণমাধ্যমকর্মী শাখাওয়াত টিপু ও ফখরুল ইসলাম রয়েছেন। ইকবালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দলীয় নেতাকর্মীরা জানান, সভা শেষে বের হওয়ার সময় জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি কাজী জামশেদুর রহমানের সমর্থকেরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এর পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
দাগনভূঞা থানা পুলিশের ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, সংঘর্ষের সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




















