এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে পরাজিত করে স্বর্ণপদক জিতেছে। ফাইনালটি আজ বৃহস্পতিবার ইরাকের সোলাইমানিয়াহতে অনুষ্ঠিত হয়।
শুরুতে বাংলাদেশ পিছিয়ে পড়লেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরবর্তী তিন সেটে জয়লাভ করে। প্রথম সেটে ৫০-৫৩ পয়েন্টে হারলেও দ্বিতীয় সেটে ৫৫-৫৪, তৃতীয় সেটে ৫৫-৫২ এবং চতুর্থ সেটে ৫২-৫১ পয়েন্টে জয় নিশ্চিত করে তারা।
এর আগে সেমিফাইনালে বাংলাদেশ উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। সরাসরি এলিমিনেশন রাউন্ডে খেলার সুযোগ পাওয়ায় শিরোপার লড়াইয়ে ওঠার পথে দলটি বাড়তি সুবিধা পায়।
এই জয়ের ফলে চলতি এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মোট পদকসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে। দেশের আর্চাররা এখন পর্যন্ত দুটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ জিতেছে।
এর আগে কম্পাউন্ড নারী দলগত বিভাগে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে পরাজিত করে প্রথম স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। এছাড়া কম্পাউন্ড পুরুষ দলগত ও মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছে তারা।
























