আওয়ামী লীগকে নিয়ে রাজনৈতিক বক্তব্যে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল মন্তব্য করেছেন যে, দলটি বর্তমানে পলাতক লীগ এবং ননপলাতক লীগ দুই ভাগে বিভক্ত।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের এ.এস. একাডেমি স্কুল মাঠে জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশের সভাপতিত্ব করেন মানিকদহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি সম্রাট মাহমুদ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রমজান মুন্সি। স্থানীয় কৃষক দলের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
শহিদুল ইসলাম বাবুল প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের পরিশ্রমের ওপর দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতি নির্ভরশীল। তাই কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী কৃষক দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। কৃষকদের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সভাপতি শফিকুর রহমান মিঠু, যুগ্ম সম্পাদক অলক কুমার বসু, ফরিদপুর জেলার আহ্বায়ক ভিপি শহিদ, সদস্যসচিব মুরাদ হোসেন ও যুগ্ম আহ্বায়ক সজিব ঘোষ। এছাড়া ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক এ.ও.এম. তৈমুর লং, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমানসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
















