চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় বৈরী আবহাওয়ার কারণে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত করাসহ তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ষোলশহর ২ নম্বর গেট সংলগ্ন মোড়ে অবস্থান নেন।
শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। তাদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে পরীক্ষা পেছানোর দাবি জানানো হলেও তা উপেক্ষা করে গত সোমবার পরীক্ষা নেওয়া হয়, যা হাজারো পরীক্ষার্থীর জন্য চরম ভোগান্তির সৃষ্টি করেছে।
বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রধান তিনটি দাবি হলো: বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, গত ১২ ও ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা এবং বৃষ্টির পানিতে যেসব শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট বা হারিয়ে গেছে, তাদের দ্রুত বিকল্প কাগজপত্র সরবরাহ করা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, হাঁটু থেকে কোমর সমান পানি ভেঙে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে এবং বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের দাবি, সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া উচিত, কারণ নির্দিষ্ট এলাকার শিক্ষার্থীদের ওপর বৈষম্যমূলক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক নয়।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ার পর যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।


























